আগস্ট ২২, ২০১৬,৬:১১ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:বরিশাল: বরিশালে মাদক মামলায় সাইফুল ইসলাম সুমন হাওলাদার নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২২ আগস্ট) বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সাইফুল ইসলাম সুমন হাওলাদার নগরীর প্রফেসর লেন এলাকার লুৎফর রহমান মাস্টারের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুন সন্ধ্যায় নগরীর প্রফেসর লেন এলাকার ভাড়া বাড়ি থেকে সাইফুল ইসলাম সুমন হাওলাদারকে ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় ওইদিন গোয়েন্দা (ডিবির) পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান কবির বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
সোমবার আদালত ১৯৯০ সালের মাদক আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড দেন।
এছাড়া ১৯ (১) এর (খ) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain