আগস্ট ২১, ২০১৬,৪:৫২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা: রাজধানীর অভিজাত শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটির আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে। এখন পর্যন্ত সিটির ছাদ থেকে সাতজনকে সুস্থ ও অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে সেখানে রয়েছেন আরও ক’জন। তাদেরও উদ্ধারের তৎপরতা চলছে।
রোববার (২১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ব্রিফিংয়ে এ কথা জানান বসুন্ধরা সিটির সিনিয়র মহাব্যবস্থাপক (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মোস্তফা রাহেল ইমাম। বেলা সাড়ে ১১টার দিকে সিটির ছয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ব্রিফিংয়ে মোস্তফা রাহেল ইমাম বলেন, অগ্নিকাণ্ডের পরপরই সিটির নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট ত্বরিত তৎপরতায় নামে। এরপর ছুটে আসে ফায়ার সার্ভিসও। এজন্য আগুন ছড়াতে পারেনি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ছয়তলায় একটি জুতোর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ৭–৮টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে ছয়তলা থেকে যেন আগুন অন্য কোনো ফ্লোরে না ছড়ায় সেজন্য কাজ করে ফায়ার ফাইটিং ইউনিট ও ফায়ার সার্ভিস।
সিটির সিনিয়র মহাব্যবস্থাপক বলেন, আগুন অলমোস্ট নিয়ন্ত্রণে। কোনো ক্যাজুয়ালিটি (হতাহত) নেই। আশপাশের কোনো ফ্লোরে যেন আগুন না ছড়ায় সেজন্য ওপরের ফ্লোর থেকে পানি ছাড়া হয়েছে। এ কারণে আগুন কেবল ছয়তলায়ই থাকে।
প্রায় একই সময়ে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিটের প্রায় দেড়শোর বেশি কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, যাদের মধ্যে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীও রয়েছেন। সিটির ছাদ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আরও ৮-১০ জন সেখানে আছেন। তবে তারা এখন পর্যন্ত নিরাপদ।
র আগে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে ছুটে আসা ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ বাংলানিউজকে বলেন, ছয়তলায় আগুন লাগলেও তা ছড়িয়ে পড়েনি। কয়েকজনকে উদ্ধার করেছি। আরও ৭-৮ জন ছাদে আছেন। তারা ভালো আছেন। তাদেরও নামিয়ে আনা হবে।
দুপুর সোয়া ১টার কিছু আগে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের রিপোর্ট অনুযায়ী কেউ এখনও হতাহত হয়নি। যে ক’জন ছাদে রয়েছেন, তাদের উদ্ধারে তৎপরতা চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শেখ মোহাম্মদ মারুফ হাসান জানান, সবার সহযোগিতায় আগুন নির্বাপন কাজ সহজ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হবে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain