জুন ২০, ২০১৬,৩:২৩ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। এ সময় চাঁদার টাকা না দিলে তার সন্তানদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।
জেলা প্রশাসক সায়মা ইউনুস জানান, রোববার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের দফতরে মিটিং শেষে তিনি ফিরছিলেন।
বেলা ২টা ৫৯ মিনিটে ব্যক্তিগত মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করেন। তিনি নিজেকে চরমপন্থী সংগঠন সর্বহারা দলের আঞ্চলিক নেতা মেজর জিয়া পরিচয় দেন।
এ সময় জেলা প্রশাসককে মেজর জিয়া বলেন, ‘আমার দলের অনেক ছেলে কারাগারে। তাদের মুক্তির জন্য ৫০ লাখ টাকা দরকার। ইতিমধ্যে ৪০ লাখ জোগাড় হয়েছে। বাকি ১০ লাখ আপনাকে দিতে হবে।’
এক পর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন, চাঁদার এই টাকা না দিলে বাড়িতে লোক পাঠিয়ে আপনার ছেলেমেয়েকে হত্যা করা হবে।
জেলা প্রশাসক বলেন, বিষয়টি ওইদিনই সন্ধ্যায় জেলা পুলিশ সুপার রশীদুল হাসানকে জানানো হয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে ২০১৫ সালের ২৫ জুন সায়মা ইউনুস যোগদান করেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain