এপ্রিল ২৮, ২০২১,১১:৪৪ পূর্বাহ্ণ
চাষকৃত ভুট্টা ক্ষেত থেকে ওসমান গনি মুন্সি (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলার ৫নং উপজেলার ইউনিয়নের দেবপুর চরবাকিলা গ্রামের সুকুমার চন্দ্রের
চাষকৃত ভুট্টা ক্ষেত থেকে ওসমান গনি মুন্সি (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মৃতদেহটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কৃষক সুকুমার চন্দ্র জানান, আমি ভুট্টা ক্ষেতের পাশেই ঢেড়স গাছ লাগিয়েছি। মঙ্গলবার বিকেল ৫টার
দিকে ঢেড়স আনতে গিয়ে দুর্গন্ধ পেলে আমার ভাতিজাকে ডেকে এনে ভুট্টা ক্ষেতে প্রবেশ করে দেখি এই অবস্থা।
নিহত ওসমান গনি একই ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের মৃত রুস্তম আলী মুন্সির ছেলে। তিনি পাঁচ ভাই ও দুই
বোনের মধ্যে পাঁচ নম্বর। ওসমান গনি পেশায় একজন রাজমিস্ত্রী ও কাঁচামালের ব্যবসা করতেন।
তার বড় ভাই শাহজালাল মুন্সি জানান, ওসমান গনি একজন মালেশিয়া প্রবাসী। গত বছর করোনার আগে ছুটিতে দেশে আসলে
বিমান বন্ধ হয়ে যাওয়ায় আর যাওয়া হয়ে উঠেনি। এরপর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী পাটওয়ারী বাড়িতে বিয়ে করেন। তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
তার স্ত্রী সালমা বেগম জানান, আমার স্বামী প্রতিদিনের ন্যায় সেদিনও কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ওসমান গনি (৩০) উপজেলার কামরাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে বেড়িয়ে দেবপুর বেপারী
বাড়ি খালার বাড়িতে আসলে সেখান থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার,
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, সিআইডি ইন্সপেক্টর আবু জাহিদ সরকার, পিবিআই
ইন্সপেক্টর কবির হোসেন, রামপুর
ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু।
লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, ময়নাতদন্তের পর বোঝা যাবে মৃত্যুর কারণ কী? তিনি হত্যার শিকার
হয়েছেন কিনা পিবিআই ও সিআইডি যে আলামত সংগ্রহ করেছে তা বিশ্লেষণ করে বুঝা যাবে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain