জুন ১২, ২০১৬,১০:১৫ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: দুর্বৃত্তের আঘাতে সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জয়পুরহাটের ভাদশা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আজ রোববার সকালে রাজধানীর পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীণ অবস্থায় মারা যান। এ ঘটনায় সৈকত হোসেন ও হাকিম ম-ল নামে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৪ জুন রাতে দুর্বৃত্তরা তার বাড়ির অদূরে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে ও তার প্রতিবেশী নয়নকে গুরুতর আহত করা হয়।
তাদের প্রথমে জয়পুরহাট জেলা হাসপাতাল, পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মহাখালী মেট্রোপলিটন মেডিকেল সেন্টার ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু তার কিডনিতে গুলি লাগায় গত শুক্রবার তাকে পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ডায়ালাইসিস করার জন্য ভর্তি করা হয়। এরপর সেখানে আজ তার মৃত্যু হয়।
নিহত আবুল কালাম আজাদের বাবার নাম মৃত ইসহাক আলী। আর আহত নয়নের বাবার নাম মৃত অজিদ কুমার।
আর নয়ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের ছোটভাই এনামুল হক ঘটনার পরদিন ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, জয়পুহাট সদরের ভগবানপুর গ্রামের সৈকত হোসেন এবং কান্দি গ্রামের হাকিম মন্ডল নামের দুইজনকে আটক করেছে এবং তারা এ হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা আদালতে স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আবুল কালাম আজাদ গত ৩১ মার্চ ২য় দফা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামী লীগ এবং একমাত্র সতন্ত্র প্রার্থী হিসেবে তিনিই নির্বাচিত হয়েছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain