অক্টোবর ২৬, ২০২০,৯:২১ অপরাহ্ণ
আজ বিজয়া দশমী। ‘দুর্গতিনাশিনী’ দেবীর দেবালয়ে ফেরার দিন। ঢাকের তালে অশ্রুভেজা নয়নে অকৃত্রিম ভালোবাসায় দেবী দুর্গাকে বিদায় জানালেন মর্ত্যের বাসিন্দারা।
ষষ্ঠী তিথিতে বেলতলায় ‘আনন্দময়ীর’ নিদ্রাভঙ্গের বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল, দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সেই বন্দনার সাঙ্গ হলো।
‘বাবার বাড়ি বেড়ানো’ শেষে দেবী দুর্গা আবারও ফিরে গেলেন ‘কৈলাসের শ্বশুরালয়ে’। এক বছর পর আবার মর্তে ফিরবেন দুর্গা মা।
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসব। দশমীর দিনে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনেই বেলা দেড়টায় বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বীণাস্মৃতি স্নানঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর যে শোভাযাত্রা হবে না, তা আগেই জানানো হয়েছিল। এ বছর ঢাকা মহানগরে প্রায় দুইশ’ মন্ডপে পূজা হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিয়েছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain