জুন ২২, ২০২০,৪:৫১ অপরাহ্ণ
ঢাকা: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস আরও ৩ হাজার ৪৮০ জনের দেহে শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন।
আজ সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।
গোটা বিশ্ব এখন করোনা ভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৭১ হাজার প্রায়। তবে সাড়ে ৪৮ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain