জুন ৪, ২০২০,১১:২৩ অপরাহ্ণ
রাজশাহী : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাখাওয়াত হোসেন (৩৫) নামে এক হাজতি মারা গেছেন।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল ৫টার দিকে হাসপাতালের প্রিজন সেলে তিনি মারা যান। মৃত সাখাওয়াত হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার পেরম সোনাদীঘি গ্রামের আবদুল হামিদের ছেলে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন সাখাওয়াত হোসেন। তার মৃত্যু করোনায় হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সাখাওয়াত হোসেন নওগাঁ জেলা কারাগারে ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে গত ২৪ মে রামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় এখানেই তিনি মারা যান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain