মে ১৮, ২০২০,৭:১২ পূর্বাহ্ণ
ফরিদপুর: ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে শহরের গোয়ালচামট মহল্লায় মোল্লা বাড়ি সড়কে সুবল সাহার নিজ বাড়িতে হামলার ঘটনাটি ঘটে।
রোববার পর্যন্ত হামলার ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম।
ওসি বলেন, ‘জেলা আওয়ামী লীগ নেতা সুবল সাহার বাড়িতে লোকজন গিয়ে ভাঙচুর করেছে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার আগে হামলাকারীরা সটকে পড়ে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হামলার ঘটনাটি কেন ঘটেছে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।’
ফরিদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা জানান, গতকাল রাত সোয়া ৯টার দিকে মিছিল করে এসে তার বাড়িতে হামলা করা হয়েছে। তিনি বাসায় ছিলেন না। হামলাকারীরা ঢিল ছুড়ে কাঁচ ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা ৫০-৬০জন ছিল। তারা ‘জয় বাংলা ’ স্লোগান দিচ্ছিল।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain