ফেব্রুয়ারি ১১, ২০১৬,১২:৩৪ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথের নৌকা প্রতীককে বিজয়ী করতে চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হকের কার্যালয়ে একটি বৈঠক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আ. ন. ম. আমিরুল ইসলাম মিন্টিজ বিডি নিউজ টিভি ২৪ কে অভিযোগ করেন।
মিন্টিজ বিডি নিউজ টিভি ২৪ কে জানান, আজ বুধবার সন্ধ্যার পর চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হকের কক্ষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথের উপস্থিতিতে চরফ্যাশন থানা, শশীভূষন থানা ও দক্ষিণ আইচা থানার ওসিসহ ৩টি থানার এসআই এবং এএসআইদের উপস্থিতিতে ভোট ডাকাতির জন্য এ বৈঠক করা হয়। তিনি অভিযোগে আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমি চরফ্যাশন থানায় যাই।
এসময় বাদল কৃষ্ণ দেবনাথের সঙ্গে চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক, শশীভূষন থানার ওসি শামছুল আরেফিন ও দক্ষিণ আইচা থানার ওসি হানিফ সিকদারসহ ৩টি থানার এসআই ও এএসআইদেরকে বৈঠকে ব্যস্ত থাকতে দেখি।
তিনি আরো জানান, আমি ওসি ম. এনামুল হকের কক্ষে প্রবেশ করে ওসিকে উদ্দেশ্য করে বলি- আমার প্রচারকর্মীকে হুমকি ও মাইক প্রচারে বাধা দেয়ার অভিযোগ করলেও আপনি কোন ব্যবস্থা গ্রহণ করলেন না। বরং উল্টো আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিয়ে বৈঠক করে ‘নির্বাচনতো এখানেই শেষ করে দিলেন ওসি সাহেব’। এ সময় আওয়ামী লীগের প্রার্থী আমাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করেন।
ধানের শীষের প্রতীকের মেয়র প্রার্থী আমিরুল ইসলাম মিন্টিজ এ ঘটনাটি ভোলা জেলা প্রশাসক, ভোলা পুলিশ সুপার, চরফ্যাশন পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান ও সহকারী পুলিশ সুপারকে (লালমোহন সার্কেল) অবহিত করেছেন বলে জানিয়েছেন বলে জানান।
বিডি নিউজ টিভি ২৪ এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক বলেন, এ তথ্যটি সঠিক নয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain