ফেব্রুয়ারি ৯, ২০১৬,১:৪৪ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে প্রকাশ্যে দিবালোকে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের রেশ না কাটতেই আবারো ৩২ লাখ টাকা ছিনতাই হয়েছে। আজ সোমবার বিকেলে টঙ্গী স্কুইব রোডে বেক্সিমকো ওষধ কারখানার পেছনে অস্ত্রের মুখে বিকাশ এজেন্টের ৩২ লাখ ২ হাজার টাকা ছিনতাই হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিকেলে একটি মোটরসাইকেল যোগে বিকাশ এজেন্টের দুইজন কর্মী টঙ্গী দেওড়ার দিকে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা বেক্সিমকো ওষধ কারখানার পেছনে সিনকি গার্মেন্টসের পেছনে পৌছলে ৩টি মোটরসাইকেল যোগে একদল ছিনতাইকারী তাদেরকে ঘিরে ধরে। এসময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিকাশকর্মীরা ডাক চিৎকারে স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীদের ধরার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ছিনিয়ে নেয়া ব্যাগে ৩২ লাখ ২ হাজার টাকা ছিল বলে বিকাশকর্মী সোহেল জানান। খবর পেয়ে থানা পুলিশের এসআই শাহীন শেখ, এসআই নাজমুল, এসআই খোরশেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আশপাশ এলাকায় টহল জোরদার করেন।
এব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। পরে এসআই খোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ ফেব্রুয়ারি বেলা ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা একটি পোশাক কারখানার মাইক্রোবাস থামিয়ে গুলি করে ৪০ লাখ টাকা ছিনিয়ে নেয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain