ফেব্রুয়ারি ৪, ২০১৬,৯:৩০ অপরাহ্ণ
টঙ্গী : আজ বৃহস্পতিবার দিনে দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় ফিল্মস্টাইলে একটি পোশাক কারখানার ৪০ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।
কারখানার কর্মকর্তাদের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকার ওয়াল্ড ফ্যাশন সুয়েটার কারখানার কর্মকর্তারা আইএফআইসি ব্যাংকের উত্তরা শাখা থেকে শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৬-১৬৭৫) কারখানায় ফিরছিলেন। মাইক্রোবাসটিতে কারখানার ৫ জন কর্মকর্তা ছিলেন।
তারা বেলা দেড়টায় টঙ্গী মিলগেট এলাকায় পৌঁছলে ট্রাফিক পুলিশের বেশে একটি মোটরসাইকেল তাদের গাড়ির গতিরোধ করে। এসময় আরো ৩টি মোটরসাইকেল তাদেরকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা গুলি করে এবং গাড়িতে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। ছিনতাইকারীদের হামলায় গাড়ীর কাঁচের আঘাতে চালক শহীদুল হক, কারখানার হিসাব রক্ষক পারভেজ ও আজাদ আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এঘটনার সংবাদ জেলা ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মহাসড়কে দায়িত্বরত সব কর্মকর্তাদেরকে তাৎক্ষণিকভাবে জানানো হলে তারা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলগুলো ধরতে তৎপর হয়ে উঠে। থানা পুলিশও এলাকায় টহল জোরদার করে।
এব্যাপারে টঙ্গী থানার ডিউটি অফিসার পিএসআই নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৪০ লাখ টাকা ছিনতাই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াল্ড ফ্যাশন কারখানার কর্মকর্তা মনির হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain