ডিসেম্বর ১১, ২০১৯,১১:৩৬ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম : ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাছবোঝাই নৌকার ধাক্কায় ২শ ২৫ ফুট দীর্ঘ আইরন ব্রিজ ভেঙে পড়েছে। এতে যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন বন্ধ হয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার সঙ্গে এ উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে।
ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মোট সাতটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা।
বুধবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাট সংলগ্ন সন্ধ্যানদীর ওপর নির্মিত ব্রিজটি ভেঙে এ পরিস্থিত তৈরি হয়।স্থানীয় মো. আলতাফ হোসেন, মো. আবুল কালাম ও আব্দুল হাই মোল্লা জানান, এ নদীতে প্রতিদিন বালুবাহী জাহাজ আসা যাওয়ায় কারণে জাহাজের ধাক্কায় কয়েক মাস আগেই ব্রিজটিতে ফাটল দেখা দেয়। ঘটনার দিন বুধবার ভোরে একটি গাছবোঝাই নৌকার ধাক্কায় ব্রিজের মাঝ অংশ পুরোপুরি নদীতে পড়ে যায়। এতে ওই নৌকাটি তার নিচে চাপা পড়ে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
স্থানীয় মাদ্রাসাশিক্ষার্থী হাফিজা, জুথি জানায়, ব্রিজ ভাঙার কারণে আমাদের মাদ্রাসায় আসতে খুব কষ্ট হচ্ছে। মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা চলার কারণে অনেক ঝুঁকি নিয়ে খেয়ায় নদী পার হতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হাওলাদার জানান, বিষয়টি তিনি জানার পরপরই সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের অবগত করেছেন। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain