জানুয়ারি ২০, ২০১৬,৮:৩২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-একই উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের বিল্লাল হোসেন হাজীর ছেলে সাইদুল ও মৃত. মাহমুদ হোসেনের ছেলে মোস্তফা।
আজ বিকেলে আটককৃতদেরকে চাঁদপুরের একটি আদালতে তোলা হয়। থানা পুলিশ ও ক্ষতিগ্রস্থ মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী (১৪) গত ১৬ জানুয়ারী রাতে প্রকৃতির ডাকে সারা দিতে গেলে ৩ বখাটে দ্বারা গণধর্ষণের শিকার হন।
পরে ঐ ছাত্রীর মা বাদি হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অভিযুক্ত আরেক আসামী হাজী আবুল হোসেনের ছেলে মোহন পলাতক রয়েছে।
মামলার বাদি ভিকটিমের মা শীর্ষ নিউজকে জানান, ১৬ জানুয়ারী শনিবার রাত ৮টায় আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরে ফিরতে দেরি করলে আমি বের হয়ে তাকে খোঁজাখুজি করতে থাকি।
পরে ১০টার দিকে বাড়ির লোকজন নিয়ে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে মোহন, মোস্তফা ও সাইদুল দৌড়ে পালিয়ে যায়। তখন আমরা শাহজাহানের বাড়ির কাছে কবরস্থানের পাশে ধান ক্ষেতে আমার মেয়েকে অচেতন অবস্থায় খুঁজে পাই। সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়।
তিনি আরো জানান, আমার মেয়ে স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই মোহন প্রেমের প্রস্তাব দিত। এর আগে গত ২ জানুয়ারী মোহন আমার মেয়ের হাতে দু’টি মোবাইল নম্বর লিখে একটি কাগজ দিলে মেয়ে ছিড়ে ফেলে দেয়। এর জেদে তারা এ কাজ করেছে।
এজাহার সূত্রে জানা যায়, মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। স্কুল ছাত্রীর পরিধেয় স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মেয়ের মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain