জানুয়ারি ১৭, ২০১৬,৮:৪২ অপরাহ্ণ
মানিকগঞ্জ: চাঁদার টাকা না দেওয়ায় ছাত্রলীগের হামলায় মানিকগঞ্জ বেউথা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশনের প্রজেক্ট চিফ অফিসার আলমগীর শেখ (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, চাঁদার দাবিতে রোববার সকালে জেলা ছাত্রলীগের সাবেক নেতা সমাপ্ত (৩৫) ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে আলমগীর শেখের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত আলমগীরের বাবার নাম আবদুল মালেক। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।
আলমগীর শেখ সাংবাদিকদের জানান, কিছুদিন আগে তার কাছে ১ লাখ টাকা ও ১০ ট্রাক বালি চাঁদা হিসেবে দাবি করা হয়। কিন্তু তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় আজ রোববার বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতা সমাপ্ত ও প্রণয় কুমার বিশ্বাসসহ ৪/৫ জন নেতাকর্মী চর বেউথার অস্থায়ী অফিসে পুনরায় চাঁদা দাবি করে।
কিন্তু তাদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তারা দেশীয় ও ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তাকে হুমকি-ধামকি দিয়ে হামলাকারীরা চলে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধারের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় আলমগীর শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain