সেপ্টেম্বর ২৯, ২০১৮,১১:১২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: এম আই ফারুক আহম্মেদ :ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টাকালে আটক দুই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শনিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ একদিন করে রিমান্ডের আদেশ দেন।
দুই পরীক্ষার্থী হলেন- ফারজানা আক্তার মিম ও হৃদয় ওরফে জামান।
আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমান।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ঢাবির বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করেছেন। ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে আসামিদের জামিনের আবেদন করেন আইনজীবী সিরাজুল ইসলাম, সৈয়দ আক্তার রহমান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৮৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়।
পরীক্ষা চলাকালে জালিয়াতির চেষ্টার অভিযোগে পাঁচ পরীক্ষার্থী এবং এক অভিভাবকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ছিল বরাবরের মতই নিষিদ্ধ। প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে মেটাল ডিটেক্টরে তল্লাশি করে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেওয়া হয়।
পরীক্ষা শেষে প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের জানান, আটকদের মধ্যে দুইজনের কাছে ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে। এর মধ্যে একজন তার অভিভাবকের সংশ্লিষ্টতার কথা জানানোর পর তাকেও আটক করা হয়।
এছাড়া তিনটি কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে একই কারণে আটক করা হয়েছে বলে জানান প্রক্টর।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain