ফেব্রুয়ারি ৯, ২০১৮,৬:২৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:পঞ্চগড়: পঞ্চগড় জেলার সদর উপজেলায় গম ক্ষেত থেকে এক আদিবাসী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম পুতুল হাসদা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গৃহবধূ পুতুল হাসদার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির অদূরেই এক বাঁশ বাগানের পাশে গম ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) গিয়াস উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain