ডিসেম্বর ২৮, ২০১৫,১১:৫৬ পূর্বাহ্ণ
ঝালকাঠি: ঝালকাঠিতে গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপিয়ে পড়ার একদিন পর এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছেন পুলিশ। যার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার সকালে শহরের সুগন্ধা নদীতে সুমন (২৫) নামের ওই যুবকের লাশ পাওয়া যায় বলে জানান সদর থানার এএসআই আব্দুল হালিম তালুকদার।
সুমন শহরের বাঁশপট্টি এলাকার সিকান্দার আলীর ছেলে।
এএসআই হালিম বলেন, পর্নোগ্রাফি আইনে দায়ের হওয়া একটি মামলায় রোববার দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকিবকে গ্রেফতার করা হয়।
পরে নকিবের স্বীকারোক্তি অনুয়ায়ী ওই মামলায় সুমনসহ আরও পাঁচজনকে আসামি করা হয়।
রোববার বিকালে আসামি সুমনকে গ্রেফতার করতে গেলে তিনি সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সোয়া ৮টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক মাহে আলম জানান, গত ২৩ ডিসেম্বর দুপুরে লিমন নকিব দুই নারীসহ কয়েকজনকে নিয়ে শহরের রোনাস রোডের বাসিন্দা কাঞ্চন আলীর বাড়িতে যান।
এ সময় অস্ত্রের মুখে এবং মারধর করে পোশাক ছিঁড়ে ওই নারীদের সঙ্গে কাঞ্চন আলীর ছবি তোলেন ছাত্রলীগ নেতা এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
রোববার দুপুরে কাঞ্চন আলী পর্নোগ্রাফি আইনে লিমন নকিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
পরে ওই মামলায় সুমনসহ আরও চারজনকে আসামি করা হয় বলে মাহে আলম জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain