নভেম্বর ১৬, ২০১৭,৮:০৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: গাজীপুর টঙ্গীতে যাত্রীবাহী বাস ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী মাহফুজা আক্তারও (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে টঙ্গী বাটা শোরুম এর সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা তাদের দু’ জনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টায় শহিদুলকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় স্ত্রী মাহফুজাকেও মৃত ঘোষণা করা হয়। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের আব্দুল খালেকের ছেলে শহিদুল।
নিহতের ভাগিনা জাকির হোসেন জানান, গতকাল গ্রামের বাড়ি থেকে ঢাকায় মধ্য বাড্ডা আদর্শনগর এলাকার তাদের বাসায় স্ত্রীসহ বেড়াতে আসেন শহিদুল। আজ সকালে জাকিরকে সহ তারা টঙ্গী যাচ্ছিলেন এক ব্যাক্তির কাছে পাওনা টাকা আদায়ের জন্য।
টঙ্গী বাটা শোরুমের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তুরাগ পরিবহনের একটি বাস শহিদুল ও তার স্ত্রী মাহফুজাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain