নভেম্বর ১৪, ২০১৭,১১:৪৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উধাও হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৯শ’ উত্তরপত্র দুই দিনেও উদ্ধার হয়নি। পাশাপাশি সন্ধান পাওয়া যায়নি উত্তরপত্র বহনকারী অটোরিকশা কিংবা এর চালকেরও। তবে, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প উত্তরপত্রের ব্যবস্থাও করা হচ্ছে। এর আগে শনিবার দুপুরে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স-২০১৬ এর প্রায় সাড়ে ৯শ’ উত্তরপত্র খোয়া যায়। থানা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্র সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজ কেন্দ্রের জন্য উত্তরপত্রগুলো নেয়া হয়।শনিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বরিশাল আঞ্চলিক কেন্দ্র থেকে উত্তরপত্র নিয়ে মাদারীপুর যাওয়ার জন্য ওই কলেজের প্রভাষক মহিউদ্দিন তালুকদার একটি অটোরিকশা ভাড়া করে নতুল্লাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। নতুল্লাবাদ পৌঁছে তিনি উত্তরপত্রগুলো অটোরিকশায় রেখে চালককে দাঁড়াতে বলে বাসের কাউন্টারে টিকিট কাটার জন্য যান। ফিরে এসে আর অটোরিকশাটি খুঁজে পাননি। প্রভাষক তালুকদার মহিউদ্দিন জানান, তার কলেজের পরীক্ষা কেন্দ্রের জন্য ৫৫০টি সাদা উত্তরপত্র ও অতিরিক্ত ৪০০টি উত্তরপত্র ছিল সেখানে। তিনি ঘটনার পরপরই ট্রাফিক পুলিশের সহায়তা নেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন, অনেক খোঁজখুঁজির পর সন্ধান না পেয়ে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ পরীক্ষার উত্তরপত্র উদ্ধারে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তবে, গতকাল সকাল পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজ অব্যাহত রয়েছে।
মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী)
01775403264
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain