সেপ্টেম্বর ১৭, ২০১৭,৯:৩৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: রাজশাহী: রাজশাহীর পবা থানাধীন বায়া নামক এলাকায় সরকারি একটি সেফহোম থেকে তানজিলা আক্তার ও সুমি নামের ২ কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে ওই দুই কিশোরীকে তাদের কক্ষে খোঁজ করে পাওয়া যায়নি বলে দাবি করেছে সেফহোম কর্তৃপক্ষ। নিখোঁজ ২ কিশোরীর বয়স আনুমানিক ১৬ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ দুই কিশোরীর মধ্যে তানজিলা আক্তারের বাড়ি রংপুরের তারাগঞ্জ এলাকায় এবং সুমির বাড়ি নীলফামারীর ডোমার এলাকায়।
রাজশাহী সেফহোমের তত্ত্বাবধায়ক লাইজু আরা শীর্ষনিউজকে জানান, ২ কিশোরী বাথরুমের গ্রিল ভেঙ্গে পালিয়ে গেছে। রাতে তাদের খোঁজ করে সন্ধান না পেয়ে সেফহোম কর্তৃপক্ষ বিষয়টি থানাতে জানায় এবং এ বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) করে।
লাইজু জানান, গত ১২ সেপ্টেম্বর ও ১৯ আগস্ট রংপুরের ও নীলফামারীর একটি আদালত তানজিলা ও সুমিকে রাজশাহী সরকারি এ সেফহোমটিতে পাঠায়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বাথরুমের ভেন্টিলেটারের গ্রীল ভেঙ্গে দুই কিশোরীই পালিয়েছে বলে অভিযোগ করে শনিবার রাতে সেফহোমের তত্ত্বাবধায়ক লাইজু আরা থানায় জিডি করেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ইতোমধ্যেই রংপুর ও নীলফামারীসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain