মে ১৫, ২০১৭,১:৫০ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা জেলা বিএনপির প্রতিনিধি সভায় গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানের প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য না দিয়েই হল ছেড়ে চলে যান।
রবিবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ঢাকা জেলা বিএনপির প্রতিনিধি সভায় এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য দেওয়ার পর অনুষ্ঠান সঞ্চালক ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের দেওয়া এক বক্তব্যের জের ধরে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা মারামারিতে রূপ নেয়।
এ সময় দেখা যায় মঞ্চের সামনে বসে থাকা নেতাকর্মীরা মঞ্চের দিকে পানি ছুড়ে মারেন। একপর্যায়ে গয়েশ্বর চন্দ্র রায় বের হয়ে যান।
মারামারির সময় মঞ্চে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন প্রমুখ নেতারা।
প্রতিনিধি সভায় গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানের সমর্থকরাসহ ঢাকা জেলার বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর নেতাকর্মীর সমাগম হয়েছিল।
গয়েশ্বরের পর খন্দকার মাহবুব হোসেনও বের হয়ে যান। তবে আমান উল্লাহ আমান বের হতে গেলে বাধার সম্মুখীন হন। পরে মিলনায়তনের ভেতরে ফিরে কিছুক্ষণ অপেক্ষা করে একফাঁকে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
আমানউল্লাহ যখন মিলনায়তনের ভেতরে অবস্থান করছিলেন তখন বাইরে নেতাকর্মীরা নিজেদের মধ্যেই হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হন।
জানা গেছে, আমানউল্লাহ আমান বলেন, যার যার এলাকার নেতারাই তার এলাকার কমিটি করবে। অন্য কেউ এসে কমিটি বানাবে, এটা তিনি মানবেন না।
তার এমন বক্তব্যের জবাবে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, ‘রাজপথে শুধু রক্ত দিলেই কি শেষ হয়?’ এই কথার রেশ ধরে দুই পক্ষে হাতাহাতি শুরু হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain