এপ্রিল ১৬, ২০১৭,৮:৪৭ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: খুলনা: খুলনায় স্কুল স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে নবনির্বাচিত ক্ষুদে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী শপথ নিয়েছেন। রবিবার বেলা ১১টায় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ‘নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এ শপথ হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক (অতি. দায়িত্ব) টিএম জাকির হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও জেলা প্রশাসক নাজমুল আহসান।
প্রধান অতিথি বলেন, কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার মানসিকতা সৃষ্টির লক্ষ্যে সরকার এ মহৎ উদ্যোগ নিয়েছে। যা ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করবে।
উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, আমি একসঙ্গে এতো প্রধানমন্ত্রী ও মন্ত্রী কখনও দেখিনি। জাতিসংঘ অধিবেশনেও অনেক রাষ্ট্র প্রধানের সম্মেলন ঘটে। কিন্তু এতো প্রধানমন্ত্রী ও মন্ত্রীর সমাবেশ ঘটে না। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বড় মনিষীদের বই পড়ে জীবন গঠন করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি টিএম জাকির হোসেন বলেন, কোমলমতি শিশু-কিশোদের মধ্যে গণতন্ত্রচর্চার জন্য দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, ৩০ মার্চ খুলনা মহানগরীতে ৪টি মাদ্রাসা এবং ৯৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৭’ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ৭৮৪ জন কেবিনেট নির্বাচিত হয়। যার মধ্যে ৯৮ প্রধানমন্ত্রী ও ৬৮৬ মন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain