জানুয়ারি ১২, ২০১৭,৬:২৬ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হযেছেন আরও অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই আনসার আলী জানান।
তীর্থ মোদক (৫) গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বিপ্লব কুমার মোদক ওরফে দোলন চন্দ্রের ছেলে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন একই উপজেলার হিয়াদপুর গ্রামের জহিরুল হক (৬০), দুধিয়া গ্রামের মিনহাজ উদ্দিন (৩৫) ও তীর্থ মোদকের মা কল্যাণী মোদক (৪০)।
বাকি দুই জনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আনসার বলেন, সকাল ৮টার দিকে বগুড়া থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তীর্থর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক ও বাস আটক করা হলেও চালক এবং তাদের সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain