ডিসেম্বর ২১, ২০১৬,৫:০১ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:নারায়ণগঞ্জে: আওয়ামী লীগ অন্তঃপ্রাণ সেই সিদ্দিক মিয়া এবার নারায়ণগঞ্জে। সঙ্গে আছে নৌকা ভ্যান আর দুই ছেলে। তিনি এসেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচার চালাতে।
গতকাল মঙ্গলবার তাকে তার ‘বিখ্যাত’ নৌকা ভ্যানসহ দেখা গেছে শহরের বিভিন্ন সড়কে। যোগ দেন আইভীর শেষ নির্বাচনী প্রচার মিছিলে।
বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রতি ভালোবাসার কারণে সেলিনা হায়াৎ আইভীর প্রচারে নারায়ণগঞ্জ এসেছেন বলে সংবাদমাধ্যমকে জানান তিনি।
সিদ্দিক মিয়া বলেন, ‘আমি নৌকাকে ভালোবাসি। কয়েক দিন আগে ঢাকায় এসে শুনলাম আইভী আপা আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। তাই তার পক্ষে প্রচার চালাতে ভ্যানগাড়ির নৌকা নিয়ে নারায়ণগঞ্জে এসেছি।’
গতকাল মঙ্গলবার বেলা দুইটায় সিদ্দিক মিয়াকে তার নৌকাভ্যানসহ দেখা যায় শহরের দেওভোগ এলাকায় সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে। এরপর বেলা তিনটার দিকে আইভীর বাড়ি থেকে বের হওয়া নির্বাচনী মিছিলের সামনে ছিল সিদ্দিকের ভ্যানগাড়ির নৌকা।
এর আগে গত অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন চলার সময় সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে তার নৌকা নিয়ে অবস্থান করেন সিদ্দিক মিয়া। নেত্রকোনা থেকে ভ্যান চালিয়ে তিনি ঢাকায় আসেন। তখন তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করে বিভিন্ন গণমাধ্যম। এসব প্রতিবেদনে উঠে আসে বঙ্গবন্ধু আর আওয়ামী লীগের প্রতি তার ভালোবাসার কথা। বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার সঙ্গে একটিবার সাক্ষাৎ করার বাসনা তার।

সিদ্দিক মিয়ার নৌকা ভ্যানের গায়ে সাঁটানো একটি কাগজে লেখা ছিল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নেত্রকোণা ০৫, ১৬১ পূর্বধলা থানা হইতে আগত। বাংলাদেশ আওয়ামী লীগ। পরিচালনায় জনাব মো. সিদ্দিক মিয়া। প্রধানমন্ত্রীর সাক্ষাত চাই জনদরদি ভাই ভাই।’
সিদ্দিক মিয়া জানান, এই নৌকাটি তৈরি করতে তার ১৭ হাজার ঢাকা লাগছে। এবারও নেত্রকোনা থেকে এসেছে।
ওই সময় সিদ্দিক মিয়া জানান, প্রায় আট বছর ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য চেষ্টা করছেন তিনি। ২০১৪ সালে ১৬ ডিসেম্বরও তিনি তার ১৭ হাজার টাকায় তৈরি নৌকা নিয়ে ঢাকায় এসেছিলেন। চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে, কিন্তু পারেননি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain