টাঙ্গাইল থেকে দেশব্যাপী ডিজিটাল ‘কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ই এপ্রিল) সকালে টাঙ্গাইলে আয়োজিত এক জনসভা থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তারেক রহমান।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন কৃষি-সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক এই কার্ড ব্যবস্থার ফলে কৃষকদের তথ্যভাণ্ডার সংরক্ষণ ও সেবা প্রদানে কার্যকারিতা বাড়বে বলেও আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, একটি সুইচ চাপার মাধ্যমে দেশের হাজারো কৃষকের কাছে সরকারি সুবিধা তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
অনুষ্ঠানে বেলা ১১টার কিছু পরে পৌঁছালে বিপুল সংখ্যক উপস্থিত মানুষ তাকে স্বাগত জানান। পরে বিসমিল্লাহ এবং কাউন্টডাউনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করা হয়। পথে বিভিন্ন স্থানে সাধারণ মানুষ এবং সমর্থকরা রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। জবাবে হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ‘কৃষক কার্ড কার্যক্রম দেশের কৃষিখাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি নতুন অধ্যায় সূচনা করবে ও কৃষকদের জন্য সরকারি সহায়তা ব্যবস্থাকে আরও সহজলভ্য এবং কার্যকর করে তুলবে।
Md. Riadul Islam (Afzal)