নভেম্বর ১৫, ২০১৬,৯:০৯ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া প্রায় ৮ কোটি ডলারের মধ্যে এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার অবশেষে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ জাগো নিউজকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুই ধাপে প্রায় এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। এর মধ্যে ৪৮ কোটি ৮২ লাখ ফিলিপিনো মুদ্রা পেসো বা এক কোটি ডলার সোমবার জমা হয়। মঙ্গলবার আরো ৪৬ লাখ ৩০ হাজার ডলার জমা হয়েছে।
দেবপ্রসাদ দেবনাথ আরো বলেন, জব্দকৃত বাকি অর্থ আদায়ে ফিলিপাইনের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে ২৮ নভেম্বর চারদিনের সফরে ফিলিপাইন যাচ্ছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া গভর্নর ফজলে কবিরের যাওয়ার সম্ভাবনা আছে। বাকি দুজন কর্মকর্তা যাবেন অর্থ মন্ত্রণালয় থেকে।
৯ মাস পর খোয়া যাওয়া অর্থের পাঁচ ভাগের এক ভাগেরও কম অংশ ফেরত পেল বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থের কোনো হদিস এখনও মেলেনি।
গত সেপ্টেম্বরে ফিলিপিন্সের আদালত বাংলাদেশ ব্যাংককে এই দেড় কোটি ডলারের মালিক স্বীকৃতি দিয়ে তা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এরপরই অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
গত ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়। এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকে (আরসিবিসি) সরিয়ে নেওয়া হয়েছিল ৮১ মিলিয়ন ডলার।
আরেকটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কার একটি ‘ভুয়া’ এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়। রিজল ব্যাংকে যাওয়া টাকার একটি বড় অংশ পরে ফিলিপিন্সের জুয়ার টেবিলে চলে যায়। তারই একটি অংশ ফেরত পাওয়া গেল।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain