নভেম্বর ৩, ২০১৬,১০:৩১ অপরাহ্ণ
রাফাত ইসলাম হৃদয় : আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৫ জানুয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে তবলিগ জামায়াতের সবচেয়ে বড় এই আসরের দ্বিতীয় পর্ব। এ পর্ব শেষ হবে ২২ জানুয়ারি। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ইজতেমায় আগত বিদেশিদের ভিসা সহজীকরণ এবং আইনশৃঙ্খলা সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ইজতেমায় ওয়াচ টাওয়ার, আর্চওয়ে বসানোসহ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা বিষয়ে ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি (কমিশনার) নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে আলোচনা করবেন। বিদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ইজতেমায় কেউ আসতে চাইলে তাদের তালিকা আমাদের (মন্ত্রণালয়) পাঠাতে হবে। আমরা ওই তালিকা দেখে ভিসা দেব। গত বছর ৫১তম বিশ্ব ইজতেমায় ১০১টি দেশের প্রায় ২০ হাজার মুসল্লি ইজতেমায় এসেছিলেন জানিয়ে এবছর আরও বেশি বিদেশি মেহমান আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ইজতেমাকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, জঙ্গি হামলার বিষয়টি আমাদের মাথায় রয়েছে। আমরা সবসময় তৎপর এবং সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকি। ইজতেমায়ও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। গোয়েন্দা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা ইজতেমায় থাকবে। ১৯৬৭ সাল থেকে নিয়মিত ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain