নিহত আল আরাফাত সজল (২৫) বিরুলিয়া গ্রামের কৃষক উম্মত আলী ছেলে। বুধবার রাত ১১টার দিকে কাউন্দিয়া গ্রামে তুরাগ নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
সাভার সার্কেলের এএসপি মাহবুবুর রহমান বলেন, সোমবার বিকালে সজলকে বাড়ি থেকে ডেকে নেন তার বন্ধু রকি। অনেক রাতেও বাড়ি না ফেরায় তার বাবা উম্মত আলী সাভার মডেল থানায় জিডি করেন।
“বুধবার বিকালে রকিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাত ১১টার দিকে কাউন্দিয়া গ্রামের বালুঘাট এলাকায় তুরাগ নদী থেকে হাত-পায়ের সঙ্গে ইটবাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।”
গ্রেপ্তার রকির বরাত দিয়ে এএসপি বলেন, রকি, আতাউর, আলতাফ ও খোকন এই চারজন মিলে সজলকে গলা টিপে হত্যা করেন।
“সজল কদিন আগে আলতাফকে মারধর করেছিলেন। এর প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয় বলে তাদের দাবি।”
তারা সবাই সমবয়সী, মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানান পুলিশ কর্মকর্তা।
কোনো কোনো গণমাধ্যমে সজলকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বলা হলেও বিরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলছেন, নিহত সজলের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের কোনো প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।