অক্টোবর ৫, ২০১৬,২:৩১ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টাকারী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল ইসলামকে বিচারের কাঠগড়ায় নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকরা ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠনের সঙ্গে বদরুলের সংশ্লিষ্টতা তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেখুন আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই স্পষ্ট। তিনি কাউকে ছাড় দেন না। সে সরকারি দল হোক আর যে দলেরই হোক।
তিনি বদরুলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি আপনাদের জোর গলায় বলতে পারি, অপরাধীকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।’
এর আগে সোমবার বিকালে এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে কুপিয়ে গুরুতর জখম করেন ছাত্রলীগ নেতা বদরুল। পরে স্থানীয়রা ছাত্রলীগ নেতা বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
রাতে খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। এখন ৭২ ঘণ্টার জন্য তাকে আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, বদরুলের সঙ্গে খাদিজার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বদরুল এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে বদরুলকে একমাত্র আসামি করে মঙ্গলবার দুপুরে ওই ছাত্রীর চাচা আব্দুল কুদ্দুস মামলা করেন। অন্যদিকে বদরুলের শাস্তির দাবিতে মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও এমসি কলেজে মানববন্ধন করেছে খাদিজার সহপাঠীরা।
স্কয়াক হাসপাতালে খাদিজার চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথার খুলির ভিতর মগজে আঘাত হয়েছে। খাদিজার বাঁচার সম্ভাবনা ৫ শতাংশ। বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনে ফরা সম্ভব হবে না।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain