Reporter :- bdnewstv24.com
বগুড়ার কাহালুতে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে। এই সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১শে মার্চ)২০২৪ ইং দুপুর পৌনে একটার দিকে উপজেলার মালঞ্চা-রানীরহাট আঞ্চলিক সড়কে মুলার সাঁকো নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭), সোহানুর রহমান সোহান (১৭)। এই ঘটনায় গুরুতর আহত হন একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)। তারা সম্পর্কে একে অপরের বন্ধু।
পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেল যোগে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে মুলার সাঁকো নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যায়।
পরে স্থানীয় লোকজন বাকি দুই জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা যায়, হতাহতদের মধ্যে জেমস এবার এসএসসি পরিক্ষায় অংশ নেন। এছাড়া সোহান লেখাপড়া না করলেও গুরুতর আহত রাশেদুল মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় অংশ নিয়েছে।
এই বিষয়ে সেলিম রেজা জানান, নিহত দুই জনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Md. Riadul Islam (Afzal)