এপ্রিল ১৯, ২০১৭,১০:২৭ অপরাহ্ণ
ফুটপাথ ছেড়ে দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে পাঠানো প্রথম দফার চিঠির জবাবে কয়েকটি দূতাবাস কোন সাড়া না দিলেও দ্বিতীয় দফায় চিঠি পাঠানোর পর ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া ও সৌদি আরব দূতাবাস।
ডিএনসিসির মেয়র আনিসুল হকের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফুটপাতের দখল ছাড়বে এই দুটি দূতাবাস। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মঞ্জুর-ই-মাওলা বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন।
গত ১ মার্চ পথচারীদের চলাচলের পথ, ফুটপাত দখলে রাখা আটটি দূতাবাসকে একমাসের সময়সীমা বেঁধে দিয়ে ফুটপাত ছেড়ে দিতে অনুরোধ করে ডিএনসিসি। এই চিঠি পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডা, ইতালী দূতাবাস তাদের পাশের ফুটপাতের দখল ছাড়লেও জার্মানি, ফ্রান্স, ইউকে, অস্ট্রেলিয়া এবং তুরস্ক দূতাবাস তাদের কম্পাউন্ডের বাইরের ফুটপাতের দখল এখনও ছাড়েনি। ফলে ডিএনসিসি এ মাসের ১১ তারিখে ফুটাপাত দখল মুক্ত না করা বাকি দূতাবাসগুলোকে তাদের দেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের ছবিসহ প্রমাণ সংবলিত আরেকটি চিঠি দ্বিতীয় দফায় পাঠায়।
চিঠি পাওয়ার পর দূতাবাস সংলগ্ন রাস্তা ও ফুটপাত থেকে নিজেদের তৈরি ব্লকসমূহ সরিয়ে নিতে ডিএনসিসির কাছে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া ও সৌদি আরব কর্তৃপক্ষ।
দূতাবাসগুলো তাদের নিজস্ব স্থাপনা দূতাবাসের বাইরের ফুটপাতে রেখে মানুষের হাঁটা বন্ধ করে দিয়েছে। কোনো কোনো দূতাবাস ফুটপাত বড় শেকল দিয়ে ঘেরাও করে রেখেছে। কংক্রিটের ব্লকে ছোট গাছ লাগিয়ে ফুটপাতের চরার পথ আটকে রেখেছে। কোনোটি আবার স্থায়ী স্থাপনা তৈরি করেছে। ফলে মানুষকে ফুটপাতের বদলে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা সময় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মানুষ।
মেয়র আনিসুল হক বরাবরই তার বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছিলেন, ‘যত ক্ষমতাধরই হোক, মানুষের হাঁটার পথ কাউকে দখল করে রাখতে দেয়া হবে না।’
এই লক্ষ্যে বেশ কয়েকজন ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে ফুটপাত দখল মুক্ত করলেও, এই কার্যক্রমে বাধ সাধে ঢাকায় নিযুক্ত শীর্ষ আটটি দেশের দূতাবাস। এই দূতাবাসগুলো নিজেদের নিরাপত্তার জন্য জনগণের চলাচলের ফুটপাত দখল করে বড় বড় ব্লক, লোহার শিকল ও বেড়ি দিয়ে আটকে রেখেছিল।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে গত ৪ মার্চ ফুটপাতের স্থাপনা সরিয়ে নিয়ে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ ফুটপাত থেকে ৪০টি কনক্রিট ব্লক সরিয়ে নিয়ে ফুটপাত ঘেঁষে রাস্তার উপর সেগুলো স্থাপন করেছে। পাশাপাশি ব্লকের মধ্যবর্তী লোহার শিকল অপসারণ করে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ ফুটপাত উন্মুক্ত করে দিয়েছে।
গত ১ মার্চ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাহুল ইসলামের সই করা চিঠিতে মোট আটটি দূতাবাসকে ফুটপাতের স্থাপনা সরিয়ে নেয়ার অনুরোধ করা হয়। এ চিঠির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পর কানাডা, ইতালীর দূতাবাসও তাদের সীমানার পাশের ফুটপাত থেকে স্থাপনা সরিয়ে নেয়। মেয়র আনিসুল হক বিভিন্ন ফোরামে ফুটপাত উন্মুক্ত করে দিতে সব সংস্থাকে অনুরোধ করেন। এতে কাজ না হওয়ায় এরপর আদালতের মাধ্যমে এই দূতাবাসগুলোকে চিঠি দেয়া হয়। ওই চিঠিতে আট দূতাবাসকে এক মাসের মধ্যে ফুটপাতের জায়গা ছেড়ে দিতে অনুরোধ করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। ফুটপাতে রাখা নিরাপত্তামূলক স্থাপনাগুলো তারা দূতাবাস কম্পাউন্ডে সরিয়ে নিতে বলা হয় ওই চিঠিতে। কিন্তু জার্মানি, ফ্রান্স, ইউকে, অস্ট্রেলিয়া এবং তুরস্ক দূতাবাস ফুটপাতের দখল না ছাড়াতে ১১ এপ্রিল রাশিয়া ও সৌদিসহ বাকি দূতাবাসের কাছে পুনরায় দ্বিতীয় দফায় চিঠি পাঠানো হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain