সেপ্টেম্বর ১৮, ২০২৫,১২:২৬ পূর্বাহ্ণ
শিক্ষার্থীদের জীবনে নতুন সূচনা মানেই স্বপ্ন, সম্ভাবনা আর উদ্দীপনার মিলনমেলা। ঠিক সেই আবহেই খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন কলেজ প্রাঙ্গণে সোমবার (১৫ ই সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুরু থেকেই কলেজ চত্বর ভরে ওঠে শিক্ষার্থীদের হাসি-খুশি আগমনে। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দের উচ্ছ্বাস। শিক্ষার্থীদের কুশল বিনিময়, আলাপচারিতা ও নতুন এক শিক্ষায়তনে নতুন প্রবেশের আনন্দে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। নতুন শিক্ষার্থীরা বুকভরা স্বপ্ন নিয়ে প্রবেশ করে উচ্চশিক্ষার অঙ্গনে, আর বিদায়ী ব্যাচের কৃতিরা পায় বিশেষ সম্মাননা— এ যেন শিক্ষার এক অনন্য মেলবন্ধন।
কলেজের সভাপতি মোঃ বাবুল মোল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়, শিক্ষা মানুষের মধ্যে সৎ সাহস, মানবিকতা এবং দেশপ্রেম জাগ্রত করে। তোমরা হবে আগামী দিনের আলোকবর্তিকা।
মান্যবর অতিথি শিক্ষানুরাগী এবং সমাজসেবক, মোল্লা বেলাল হোসেন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, সমাজ পরিবর্তনের শক্তি তোমাদের হাতেই। মেধা আর সততার সমন্বয়ে তোমরাই এগিয়ে নেবে বাংলাদেশকে।
প্রাণবন্ত এই নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজিরহাট ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এলাকার সুধী এবং গুণীজনেরা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন। আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পরে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থী, অতিথি শিল্পী, কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কলেজের অধ্যক্ষ পরিবেশন করেন মনোজ্ঞ সংগীত এবং নৃত্য। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় মুগ্ধ হন শিক্ষক, অতিথি এবং অভিভাবকরা।
গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই আয়োজনে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, অতিথি সকলেই অনুভব করেন— শিক্ষা কেবল সনদ অর্জনের পথ নয়, বরং মানুষের মধ্যে জাগিয়ে তোলে আলো, ভালোবাসা আর মানবিকতার দীপ্তি ।
সঠিক সংবাদ সংগ্ৰহ করা হয় ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain